রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবারিদের সাথে দ্বন্দ্বের জেরে সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, স্থানীয় মাদক কারবারিরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ পল্লবীর বিহারী ক্যাম্প ওয়াপদা কলোনি বিল্ডিংয়ে থাকতেন।
স্থানীয়রা জানায়, ইফতারের পরপরই ওয়াপদা বিল্ডিংয়ের পাশে মাঠে শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান।
হাসপাতালে নিহতের আত্মীয় আশিকুর রহমান ও খালা ইয়াসমিন দাবি করেন, স্থানীয় মাদক কারবারি পারভিন, রনি, জনি, সীমা ও রানীসহ আরো বেশ কয়েকজন শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে হত্যা করেছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো: ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত মো: সেলিম মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’