পুলিশের উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দুই কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি ও পদায়ন করা কর্মকর্তারা হচ্ছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নজমুল হাসানকে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো: রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ অধিদফতরের এআইজি মো: কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মাদারীপুরের পুলিশ সুপার মো: সাইফুজ্জামানকে পুলিশ অধিদফতরে টিআর পদে বদলি করা হয়েছে।

সূত্র : বাসস