রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলার হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত পিংকি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। এ সময় তাকে কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, হোস্টেলটিতে তিনজন শিক্ষার্থী থাকতেন। তবে অন্য দুই শিক্ষার্থী ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।