ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে পড়ে রিয়া আক্তার (২০) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

রিয়ার বাবা আব্দুল লতিফ মল্লিক জানান, ভোরের দিকে সবার অজান্তে তার মেয়ে নতুন ভবনের আটতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রিয়া গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসএসসি পাসের পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সাথে তার বিয়ে হয়। স্বামী দেশে এসে কিছুদিন থাকার পর আবার বিদেশে ফিরে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পাশাপাশি তার শারীরিক নানা সমস্যাও ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। পরিবারের এক ছেলে ও এক মেয়ের মধ্যে রিয়াই ছিলেন বড়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা তার বাবার কাছে জানতে পেরেছি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিল, মেডিক্যালের নতুন ভবনে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। ভোরের দিকে আট তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যায়।