বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আনসার ও ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

এর আগে, গত ২১ আগস্ট এম. রশিদুজ্জামান মিল্লাত এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব এবং সুনামের সাথে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়।

মন্ত্রী দেশের গেটওয়ে খ্যাত বিমানবন্দরগুলোর সার্বিক শৃঙ্খলা, যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল নিরাপত্তায় অংগীভূত আনসার সদস্যদের মোতায়েন সমন্বয় সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় দেশ ও মানুষের কল্যাণে মন্ত্রণালয় ও বাহিনীর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সবার আগে বাংলাদেশ মন্ত্রে উজ্জীবিত হয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।