বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভবারীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা সেখানে জড়ো হন।
‘নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ’ ব্যানারে সজ্জিত হয়ে তারা ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমবেত হন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলেও ইশরাক হোসেনকে এখনো শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি।
তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগ মনোনীত শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে তাপসের জয় স্থগিত করে এবং ইশরাককে বৈধ বিজয়ী ঘোষণা করে।
রায়ের কপি পাওয়ার পর গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। কিন্তু এখনো ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, যা কেন্দ্র করেই বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।