জুলাই অভ্যুত্থানে গণহত্যা, গুম, নিপীড়নসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ করা হলেও অন্য রাজনৈতিক দল কিংবা ব্যক্তির ওপর তার কোনো প্রভাব পড়বে না। এতে কারো বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না, সবাই স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবেন বলে আশ্বস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি করেছে অন্তর্বর্তী সরকার।
এর আগে, গতকাল সোমবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ সম্পর্কিত বিবৃতিটিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। ওই আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ নেতাকর্মীদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিকমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা করা হয়েছে।
তবে অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে এই আইন কিংবা প্রজ্ঞাপন ক্ষুণ্ণ করবে না বলে বিবৃতিতে স্পষ্ট করেছে সরকার।
এছাড়া আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড, দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত দেয়ার অধিকার এই প্রজ্ঞাপনে হরণ করা হয়নি।
অন্তর্বর্তী সরকার জানায়, গত প্রায় ১৫ বছর ধরে বিশেষ করে গত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে হামলা গুম, খুন, অমানবিক নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
এসব অপরাধের অভিযোগে সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের ফৌজদারি আদালতে অনেক মামলা বিচারাধীন রয়েছে।
এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তাদের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার বিরুদ্ধে হামলা ও উসকানি দেয়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করতে দেখা গেছে।
এতে এই সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদি ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার করা হয়েছে ও এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে গতকালের প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ইউএনবি