‘মুসলমানদের ঈদ সমগ্র বিশ্বে সাম্যের বার্তা বহন করে’ জানিয়ে ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সবাই এক সাথে ঈদের আনন্দ ভাগ করে নিলে ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে।’

বুধবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুরাদাবাদে এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড.আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সিয়াম সাধনের মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, ঈদকে সামনে রেখে আমরা নতুন পোশাক পরিধান করে এক নতুনভাবে জীবনে পথচলার সংকল্প গ্রহণ করি। রমজান মাসে যে রোজার মাধ্যমে আমরা ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করি তা ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপন করি।’

তিনি বলেন, ‘সমাজের বৃত্তবান লোকেরা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালে দেশ ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। আমাদের দেশকে উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে দলমত নির্বিশেষে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আল্লাহ্ ভীতি রাষ্ট্রের সম্পদ চুরি করার মানসিকতা পরিহার করার শিক্ষা দেয়। দেশের চিন্তাশীল আলেম ওলামাদের সাথে নিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হলে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সহায়ক ভূমিকা রাখবে।’

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘আমরা যতদিন আছি দেশের মানুষের প্রকৃত সেবা দিযে যাব।’

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: আবু তৈয়ব, চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জনাব মোহাম্মদ আবু তাহের, মাওলানা শোয়াইব, মাওলানা নাছির উদ্দীন ও ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী জনাব ইকরামুল হক।

অনুষ্ঠানে উপজেলার মুরাদাবাদ গ্রামের প্রাচীনতম জামে মসজিদ বায়তুল ঈমান জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা নাছির উদ্দীনকে দু’যুগ কৃতিত্বের সাথে ইমামতির মহান দায়িত্ব পালন করায় সম্মাননা এবং নগদ আধা লাখ টাকা ঈদ উপহার দেয়া হয়।

এছাড়া নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।