আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোটের মাধ্যমেই মিথ্যাচার ও অনাচারের উপযুক্ত জবাব দেবে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ এখন অনেক সচেতন। তারা ভালোভাবেই বুঝে কাকে দিয়ে এলাকার কাজ হবে। আমি নির্বাচনে জয়ী হই বা না হই, সবসময় এলাকাবাসীর পাশেই থাকব। আমি এ এলাকারই সন্তান। আমার বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবরও এ এলাকাতেই।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘রাজনীতি করতে গিয়ে আমাকে ফেরারি জীবন কাটাতে হয়েছে। শত প্রতিকূলতার মাঝেও আমি এলাকার মানুষের পাশে থেকেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি-আমার দ্বারা কারো কোনো অনিষ্ট হয়নি। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যে আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে।’

তিনি বলেন, ‘আমি কখনো কারো সম্পর্কে ব্যক্তিগত সমালোচনা করি না। চরিত্রহনন রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। তাই আমি বলছি-অন্যের বিরুদ্ধে নোংরামি না করে অতীতে এলাকাবাসীর জন্য কী করেছেন এবং ভবিষ্যতে কী করবেন, তা জনগণের সামনে তুলে ধরে ভোট চান। নির্বাচনকে কলুষিত না করে উৎসবমুখর করে তুলুন।’ বাসস