রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে।‘

এ অবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিটি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। যেন সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন করছে। যৌথবাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে।‘ সূত্র : বিবিসি