রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪১ জন, তেজগাঁও বিভাগে ৩১ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, আওয়ামী লীগের স্লোগানসংবলিত একটি ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র : বাসস