রাজধানীর ডেমরা পুলিশ লাইনের একটি বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইদুল ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মোহাম্মদ সাদেকের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ০৭২৬২৬৬৪৬৫। কর্মস্থলের কারণে তিনি ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের সপ্তম তলায় থাকতেন।
সাইদুলকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা মোহাম্মদ সোহাগ জানান, প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন সাইদুল। পরিবারের ধারণা, পারিবারিক কলহের কারণে তিনি মানসিক চাপে ছিলেন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন সাইদুল। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।