ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এ ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।