মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে ব্লাকমেইল ও অনৈতিক স্বার্থ হাসিলের বিচার দাবি করেছেন মেহেদী আলম রুমান নামে একজন শিক্ষার্থী।
সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী আলম রুমান বলেন, তিনি বর্তমানে এমএসসিতে ভর্তি প্রক্রিয়াধীন একজন ছাত্র। পারিবারিক সূত্রে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন রসুলপুর গ্রামের মারিয়া আক্তার জিম নামের এক নারী তাকে চেনেন। তবে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক, বিয়ে কিংবা দাম্পত্য জীবন কখনোই ছিল না।
তিনি অভিযোগ করে বলেন, মারিয়া আক্তার জিম মুক্তাগাছা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তার বিরুদ্ধে ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহ, গর্ভধারণ ও গর্ভপাত করানোর মতো গুরুতর ও সম্পূর্ণ মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। গত ১৬ জানুয়ারি এমনসব তথ্য দিয়ে একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও তৈরি করে ছেড়ে দেন। ওই অভিযোগে যে মোবাইল নম্বর থেকে ভয়ভীতি প্রদর্শনের কথা বলা হয়েছে, সেই নম্বরটি আমার কিংবা আমার পরিবারের কারো নয়।
মেহেদী আলম রুমানের দাবি, তাকে ও তার পরিবারকে ব্ল্যাকমেইল এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। যা তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানের মারাত্মক ক্ষতি করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে আর্থিক ও সামাজিক ফায়দা লোটার অপচেষ্টা করা হচ্ছে। তিনি এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।