রাজধানীর দক্ষিণখানের চালাবন এলাকায় পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে শিল্পী নামে এক গৃহবধূকে তার স্বামী তুহিন দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টা দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ‘পারিবারিক কলহের জেরে শিল্পী নামের ওই নারীকে চালাবন এলাকার রাস্তায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা তুহিন নামে ওই ব্যক্তিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।’

তিনি বলেন, ‘তুহিন একটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।’