রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকায় পারিবারিক শত্রুতার জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি মাসুদ হাওলাদারকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) র্যাব ও পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের পালং থানার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার র্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া বলেন, ‘গত ৬ এপ্রিল সকালে কমলাপুর কবরস্থান গলিতে এ মর্মান্তিক হত্যা হয়। নিহত গৃহবধূ আয়শা খানম মনি (৪৫) তার খালা শাশুড়ির বাসা থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে বাসায় ফেরার পথে ওঁৎ পেতে থাকা দেবর মাসুদ হাওলাদার ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন, এতে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিষয়টি র্যাব-৩-এর নজরে আসে এবং ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্তের পরে র্যাব-৮ ও পুলিশের একটি যৌথ দল মঙ্গলবার অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ হাওলাদার জানায়, দু’ বছর আগে তার স্ত্রীর সাথে বড় ভাইয়ের স্ত্রীর (নিহত গৃহবধূ) পারিবারিক বিরোধ হয়, যা পরে নিষ্পত্তি হয়েছিল। কিন্তু তার মধ্যে ক্ষোভ জমে ছিল। সেই ক্ষোভের জের ধরেই তিনি এই হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।’
গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সুপার সনদ বড়ুয়া।