সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে রাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্যসমূহ ক্রয় বিক্রয়কারী চক্রের তোফায়েল হোসেন (২৯) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

শুক্রবার (২১ মার্চ) ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে। পরে পল্টন থানায় একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া তোফায়েলের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা এলাকায়। তার বাবার নাম নজির আহমেদ।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সিআইডি সাইবার মনিটরিং টিম নিয়মিত মনিটরিং করাকালীন জানতে পারে যে, আইন শৃংখলা বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হতে পারে যেসব তথ্যাবলী যেমন জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য, জন্ম নিবন্ধনপত্র, মোবাইল অপারেটর কর্তৃক কললিস্ট, লোকেশন, বায়োমেট্রিক তথ্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বিভিন্ন তথ্য, পাসপোর্ট, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ডেটাসহ বিভিন্ন গোপনীয় ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে অসৎ উদ্দেশ্যে সন্দেহজনকভাবে লেনদেন করছে।

সিআইডির কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে অভিযুক্ত মো: তোফায়েল হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে এই সংক্রান্তে পল্টন মডেল (ডিএমপি) থানার মামলা করা হয়। আসামির কাছ থেকে দু’টি মোবাইল, চারটি সিম ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।