কোরআনের আইন বাস্তবায়ন করা ঈমানের দাবি মন্তব্য করে সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আখিরাতে মুক্তির জন্য আমাদের জীবনকে কোরআন সুন্নাহর পথে পরিচালিত করতে হবে। এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর র‌্যাংস টাওয়ারে অবস্থিত রুফটপ রেস্টুরেন্টে দ্বিমাসিক শ্রমিক বার্তার উদ্যোগে কবি, সাহিত্যিক ও লেখকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শ্রমিক বার্তার সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে, আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন দ্বিমাসিক শ্রমিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপদেষ্টা অধ্যাপক হারুনুর রশিদ খান, উপদেষ্টা লস্কর মোহাম্মাদ তসলীম, লেখক ও গবেষক আলী আহমেদ মাবরুর, আবুল হাশেম মোল্লা প্রমুখ।

শামসুল ইসলাম বলেন, ‘মানুষ হিসাবে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর দাসত্ব বা গোলামী করা। কিন্তু আমরা আল্লাহর ভয়ে ভীত না হওয়ার কারণে আল্লাহর দাসত্ব থেকে নিজেদের বিরত রেখেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাহদের মনে তার ভয় সৃষ্টি করার জন্য রমজান মাস নির্ধারণ করেছেন। এবং এই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। যে কোরআন অনুসরণ করবে তার মনে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কোরআনকে অনুসরণ ও অনুকরণের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজানের রোজা শুধু আমাদের উপর নয় বরং পূর্বের সকল ধর্মের মানুষের উপর ফরজ ছিল। যারা রমজান মাসে সকল প্রকার পানাহার ও গুনাহ থেকে বিরত থাকবে তাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি হবে। রমজান মাস তাই শুধু আনুষ্ঠানিক মাস নয় বরং এই মাস মুমিনের অনুশীলনের মাস।’

তিনি আরো বলেন, ‘আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য। আমি রোজার পুরস্কার নিজ হাতে প্রদান করব। যারা সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে নিজেদের জীবন গড়তে পারবে তারাই সফলকাম হবে। যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়া-আখিরাতে মুক্তি ও কল্যাণ চায় তাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। ইসলামের সুমহান বানী প্রচার করতে হবে। এই শ্রমিক বার্তা দ্বীন প্রচারেরই একটি মাধ্যম। এ সময় তিনি শ্রমিক বার্তার লেখক, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টামণ্ডলীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।’