আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হওয়া ১ হাজার ৫২২ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর পুনর্বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যরা।

সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের চাকরি হারাতে হয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া সদস্যরা বলেন, তারা ১ হাজার ৫২২ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর প্রতিনিধিত্ব করছেন, যারা বিগত সরকারের আমলে অন্যায্য রাজনৈতিক সিদ্ধান্তের কারণে চাকরি হারিয়েছেন।

তাদের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই সুনির্দিষ্ট অপরাধ বা সুষ্ঠু বিভাগীয় তদন্ত ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে তাদের চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তারা আরো বলেন, সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুনর্বহালের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক বিবেচনায় ইতিবাচক সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর একজন ডিআইজির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

বক্তাদের দাবি, ছয় মাস পর্যালোচনার পর কমিটি চারটি সুপারিশ দেয়। এর মধ্যে তৃতীয় সুপারিশে বিভাগীয় মামলাগুলোর নিষ্পত্তিতে ত্রুটি-বিচ্যুতির বিষয়টি উল্লেখ করা হয়।

তাদের মতে, এই সুপারিশই প্রমাণ করে যে অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল।

মানববন্ধনে আরো অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ সদর দফতরের মিডিয়া সেলের মাধ্যমে জাতীয় গণমাধ্যমে জানানো হয়েছিল যে অন্যায়ভাবে চাকরি হারানো ১ হাজার ৫২২ জন সদস্যকে দ্রুত পুনর্বহাল করা হবে। এতে ক্ষতিগ্রস্ত সদস্য ও তাদের পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

বক্তারা আরো দাবি করেন, তদন্ত কমিটির সুপারিশে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দুইটি রায়ের ভিত্তিতে পুনর্বহালের কথা বলা হলেও পরে একটি রায়প্রাপ্ত একাধিক সদস্যকে পুনর্বহাল করা হয়েছে। এতে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

তাদের ভাষ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্ত, তদন্ত কমিটির সুপারিশ এবং পুলিশ সদর দফতরের ঘোষণার পরও পুনর্বহালের আদেশ বাস্তবায়িত না হওয়ায় শত শত পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি অনুযায়ী, তারা আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো ১ হাজার ৫২২ জন পুলিশ সদস্যের প্রতিনিধিত্ব করছেন।

তাদের অভিযোগ, প্রশাসনিক ও রাজনৈতিক কারণে তারা চাকরি হারিয়েছেন। অন্যদিকে, পুনর্বহালের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চাকরিচ্যুত সাবেক এসআই মামুন সিরাজুল হক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা কোনো অন্যায্য সুবিধা চাইতে আসিনি। আমরা আমাদের ছিনিয়ে নেয়া ন্যায়বিচার ও রুটি-রুজির অধিকার ফেরত চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্বহালের আদেশ এবং পুলিশ সদর দফতরের তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে আপনার মানবিক হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরো বলেন, ‘আপনার একটি ইতিবাচক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে কষ্টে থাকা ১ হাজার ৫২২টি পুলিশ পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। আমাদের আবার দেশের সেবা করার সুযোগ দিন, হারানো সম্মান ও ন্যায়বিচার ফিরিয়ে দিন।’