দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেয়ার মতো কোনো আশঙ্কাজনক লক্ষণ নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

তবে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা ঠেকাতে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তিনি।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে জঙ্গিবাদ নিয়ে নানা আলোচনা থাকলেও সিটিটিসি তাদের দায়িত্ব অনুযায়ী নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা এবং সর্বশেষ মতিঝিলে ছাতার ভেতর বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, সিটিটিসির বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। এর মধ্যে সিটি কাউন্টার টেররিজম বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগ রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেসের মাধ্যমে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দেশে উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, বর্তমানে এমন কোনো আশঙ্কাজনক লক্ষণ সিটিটিসির নজরে আসেনি।

মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট পাঠায়। বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটির তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে জঙ্গিবাদসংক্রান্ত মামলা ও গ্রেফতারের অগ্রগতি সম্পর্কেও প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, গ্রেফতারের সুনির্দিষ্ট পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত ‘পাতা কমব্যাট’ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরো কয়েকজনের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানান তিনি।

সিটিটিসি জানিয়েছে, সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক বলেন, ‘আমরা সবসময় অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, আমাদের ডাটাবেস ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে উগ্রবাদ মনিটরিং করছি। কোনো তথ্য পেলেই সাথে সাথে অভিযান পরিচালনা করি।’

তিনি আরো বলেন, দেশের মধ্যে আশঙ্কাজনকভাবে উগ্রবাদ মাথাচাড়া দেয়ার মতো কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখছি না। তবে নজরদারি অব্যাহত রয়েছে।