রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই নারী ভবঘুরের মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে ওই দুই নারীকে উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। বিষয়টি জানতে পেরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী পুলিশকে খবর দেন। পরে ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় দুই নারীকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।