ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশী গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে তথ্য অধিদফতর (পিআইডি) একটি মিডিয়া গাইড প্রকাশ করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) পিআইডি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, সহজে বহনযোগ্য এ বইটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন সংশ্লিষ্ট কাজে যুক্ত সরকারি দফতর, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সকল রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন অ্যাজেন্সির ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য রয়েছে।

একইসাথে ঢাকার সংবাদপত্র, সংবাদসংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সাথে যোগাযোগের ফোন নম্বর, পিআইডির মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশ থেকে আগত গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজন বিবেচনায় মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার ও জরুরি প্রয়োজনে দরকারি ফোন নম্বরগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে এ বার্তায়।

গাইডটিতে গণভোট ও নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচন কাভারেজে আগত বিদেশী গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি যুক্ত রয়েছে। ১১২ পৃষ্ঠার এই প্রকাশনাটি বিদেশী গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। ইউএনবি