এমআইএসটি এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের পরিষ্কার জ্বালানি পরিবর্তনের জন্য টেকসই প্রযুক্তি’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। দেশের টেকসই ও নিরাপদ জ্বালানি ভবিষাৎ বিনির্মাণে উদ্ভাবনী পথ অনুসন্ধানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: নাসিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসির সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো: রফিকুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এ ধরনের জ্ঞানবিনিময়মূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি প্রযুক্তিতে এমআইএসটির চলমান গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথি সরকারের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে গৃহীত বিভিন্ন কৌশলগত উদ্যোগ ও নীতিমালার বিষয় তুলে ধরে জ্বালানি উৎসের বৈচিত্র, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
প্রধান পৃষ্ঠপোষক দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তাকে অপরিহার্য উল্লেখ করে বলেন, নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
প্রধান অতিথি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে একাডেমিয়া, শিল্পখাত ও সরকারি সংস্থার সমন্বিত ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপান্তরের আহ্বান জানান।
আয়োজিত এই সিম্পোজিয়ামের কারিগরি সেশনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমসাময়িক গবেষণা ও উদীয়মান প্রযুক্তি নিয়ে পাঁচজন বিশিষ্ট বক্তা বিস্তারিত আলোচনা করেন। বিইপিআরসির ড. হাসান মাহমুদ বিদ্যুৎ খাতে সরকারি সহায়তাপ্রাপ্ত গবেষণার অগ্রাধিকার ও অর্থায়নের সুযোগ তুলে ধরেন।
ব্রিগেডিয়ার জেনারেল একেএম খবিরুল ইসলাম ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণ ও কার্বন নিঃসরণ হ্রাসে গ্রিড হাইড্রোজেনের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করেন। লংগি সোলারের আশিক মাহমুদ উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার সেল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রবণতা উপস্থাপন করেন।
মেজর শাহ মোয়াজেম হোসেন নবায়নযোগ্য জ্বালানির অধিকমাত্রায় সংযুক্তির ক্ষেত্রে মিডইনভাটার ইন্টারঅ্যাকশনের চ্যালেজ এবং গ্রিড স্থিতিশীলতা নিশ্চিতকরণে উন্নত নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের মো: জাহাঙ্গীর আল জিলানি বর্তমান জ্বালানি বাজারের গতিশীলতা বিশ্লেষণ করে গবেষণাভিত্তিক উদ্ভাবনে শিল্প-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ইইসিই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এ আয়োজন দেশের ক্লিন এনার্জি রূপান্তর ত্বরান্বিত করতে গবেষণা উৎকর্ষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অংশীদারিত্বমূলক সহযোগিতা জোরদারে এমআইএসটি ও বিইপিআরসি-এর দৃঢ় অঙ্গীকারকে আরো সুদৃঢ়ভাবে তুলে ধরে।