রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো: হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আমরা খবর পেয়ে পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নাম্বার রোডের ‘সি’ ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করি। তার লাশ অর্ধ-গলিত অবস্থায় ছিল। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্লাটে থাকতেন মরহুমা সেলিনা আফরোজা। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্লাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৈত্রিক সূত্রে পাওয়া ওই ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন যাবত তিনি একাই থাকতেন। তার আরেক বোন চার তলায় থাকতেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে মরহুমা সেলিনা আফরোজের সাথে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর আর তার কারো সাথে যোগাযোগ হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলে-মেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা।