নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে।

দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটানো হয়েছে দাবি করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আবাসন প্রকল্প কর্তৃপক্ষ ও বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা।

নরসিংদীর মাধবদী উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় অবস্থিত পূর্বাচল প্রবাসী পল্লী আবাসন প্রকল্পে গত ২৬ জুন দুই হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অভিযোগ রয়েছে, চারা রোপণের মাত্র তিন দিনের মাথায় ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্রকল্পে প্রবেশ করে। তারা প্রথমে পোস্ট ক্যাম্পে ভাঙচুর চালায়। পরে সারিবদ্ধভাবে রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা কেটে ফেলে।

এ ঘটনায় ২ জুলাই আবাসন প্রকল্পের প্রজেক্ট স্টাফ রাজীব হোসেন মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আবাসন কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোজাম্মেল, সিরাজুল, তাহারুল, মামুন, মাসুদ, ফিরোজ ও আমান নামে সাতজনকে শনাক্ত করা হয়েছে। তারা পাশের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতুলিয়া এলাকার বাসিন্দা এবং একটি আবাসন প্রতিষ্ঠানে কর্মরত।

তবে ঘটনার পাঁচ দিনের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।