রাজধানীর হাতিরঝিল লেক থেকে মো: আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে হাতিরঝিল রেইনবো ক্রসিং সংলগ্ন ১ নম্বর ব্রিজের পাশের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলন রোডের ৩০৬ নম্বর শিমুলবাগ এলাকার মো: কফিল উদ্দিনের ছেলে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাজমুল ইসলাম অভি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেক থেকে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, ডিউটিরত আনসার সদস্যরা লেকের পানিতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।