পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আইজিপি বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আজ মঙ্গলবার বালিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।