ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হবে। সংগঠনটির যে সদস্যরা অতীতে দেশের প্রতিটি দুর্যোগ ও সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছে তারাই নির্ধারণ করবে নতুন নেতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতারা এই নীতিতে একমত হয়েছেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ, মহাসচিব ডা: মো: আব্দুস সালাম, সহ-সভাপতি এম এ সেলিম, কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল, যুগ্ম মহাসচিব ডা: মেহেদী হাসান, আমানুল্লাহ আমান এবং ডা: পারভেজ রেজা কাঁকন প্রমুখ।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা: মো. মজিবুর রহমান এবং সঞ্চলনায় ছিলেন ডা: মোহাম্মাদ নিয়াজ শহীদ রানা।
ড্যাব নেতারা বিদ্যমান কমিটির নেতৃত্বে গত ৪ বছর ধরে পরিচালিত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা প্রদানে সংগঠনটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তারা।