সানজিদুল ইসলাম ইমনের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত এজাজ আহমেদ ওরফে হেজাজের (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিবি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শারীরিক অসুস্থতার কারণে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এজাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে যৌথবাহিনীরা তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এজাজের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গত ১১ মার্চ রায়ের বাজার এলাকার থেকে যৌথ বাহিনীরা তাকে আটক করে। ডাকাতি প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। কিন্তু আদালতে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিন দেন।
জানা গেছে, দীর্ঘ দিন কারাভোগের পর গত ১৫ আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমনের সাথে জামিনে মুক্তি পান এজাজ। মুক্তির পর থেকেই তিনি ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন। কিছু দিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানোর সময় ঘটনাস্থলে ছিলেন এজাজ। এছাড়া তিনি মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকায় ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী।