বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬’ আজ শেষ হয়েছে। গত ১১ জুলাই শুরু হওয়া চার দিনব্যাপী এ প্রতিযোগিতা রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের চতুর্থ দিনে মঙ্গলবার (১৪ জুলাই) সাঁতারে ২০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে আটটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বিকেএসপি ৬৬টি স্বর্ণ, পাঁচটি রৌপ্য, ৫৫টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকার শীর্ষ স্থানে প্রতিযোগিতা শেষ করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব পেয়েছে- ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ। পদক তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা মোহনা সুইমিং ক্লাব পেয়েছে ১১টি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ।

বালক বিভাগে ১৫-১৭-বছর গ্রুপে মো: আব্দুল আজিম ১১টি স্বর্ণ, দু’টি রৌপসহ সাতটি রেকর্ড করে সেরা সাঁতারু নির্বাচিত হয়।

বালিকা বিভাগে ১৩-১৪-বছর গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, একটি রৌপ্য পদকসহ চারটি রেকর্ড করে সেরা সাঁতারু নির্বাচিত হয়।

ডাইভিং-এ বালক বিভাগে বিকেএসপির সায়েদুল ইসলাম একটি স্বর্ণ পদক পেয়ে সেরা ডাইভার এবং বালিকা বিভাগে অর্পা দাস তিনটি স্বর্ণসহ একটি নতুন জাতীয় রেকর্ড করে সেরা ডাইভার নির্বাচিত হয়েছে।

আজ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের পাঁচ হাজার টাকা হারে আর্থিক পুরস্কার দেয়া হয়। বাসস