মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় রাজধানী ঢাকার সাততলা বস্তিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত বুধবার এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ নাজিমুদ্দিন আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা: সাইদুল হক।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ডা: সাইদুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। একইসাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রূহের মাগফিরাত কামনায় এই শীতবস্ত্র বিতরণ একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস মাত্র।
নাজিমুদ্দিন আলম বলেন, দেশের শীতপ্রবণ সময়ে বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।