অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম পৌঁছলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার দিনব্যাপী কর্মসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অংশ নেবেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইয়ার্ড–৫ পরিদর্শন করার কথা রয়েছে। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: ইয়াহইয়া আখতার। এছাড়া উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, এবং আরো চারজন উপদেষ্টা।
এছাড়া প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং নগরের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতির বিষয়ে বিফ্র করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিন চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র কর্তৃপক্ষের হাতে হস্তান্তরও করবেন প্রধান উপদেষ্টা।
এছাড়া বিকেলে প্রধান উপদেষ্টা হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করবেন। এরপর হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকাবাসীর সাথে সময় কাটাবেন। পরে সন্ধ্যার দিকে চট্টগ্রাম ছাড়বেন বলে জানা গেছে।