নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের স্বীকৃতির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) বিকেল ৪টার পর শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘর-সংলগ্ন এলাকায় শতাধিক শিক্ষার্থীকে স্লোগান দিতে দেখা যায়। দুপুর থেকেই সেখানে জড়ো হয়েছেন বলে জানান তারা।

বিক্ষোভে অংশ নেয়া ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের শিক্ষার্থী আফরোজা বলেন, ‘এইচএসসি পাস করে তিন বছর ডিপ্লোমা করেছি, এরপর তিন মাস ইন্টার্নশিপ করেছি। তারপরও আমাদের এই শিক্ষাকে এইচএসসি সমমান করে রাখা হয়েছে। আমরা ডিগ্রির সমমান চাই। এটিকে ডিগ্রি সমমানের সার্টিফিকেট যেন করা হয়।’

আরেক শিক্ষার্থী আশিক মাহমুদ বলেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে এই দাবি নিয়ে আন্দোলন করছি, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

শিক্ষার্থীরা জানান, তীব্র গরমের মধ্যে দুপুর থেকে টানা স্লোগান দেয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে রাস্তায় শুয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।