ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফিরতি যাত্রার চতুর্থ দিন, আজ শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনের যাত্রীদের উপচেপড়া ভিড়। পরিবার-পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে সবাই ছুটছেন গন্তব্যে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ফিরতিযাত্রার চতুর্থ দিন এবং সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের আনাগোনা চোখে পড়ার মতো। বেশিরভাগ যাত্রীই ঈদ উদযাপন শেষে তাদের কর্মস্থলে ফিরে আসছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, ‘সকাল থেকে অন্তত ১০টি আন্তঃনগর ট্রেন কমলাপুরে প্রবেশ করেছে। প্রতিটি ট্রেনই সঠিক সময়ে ও নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছেছে।’

এদিকে, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ করেছে রেলপথ মন্ত্রণালয়ও।