আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর আলোচ্যসূচিতে রোহিঙ্গা প্রসঙ্গ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান।

রোববার (৩০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে এ কথা জানান।

ড. খলিলুর রহমান বলেন, ‘যেহেতু আলোচ্যসূচিতে নেই তাই ফরমাল আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা সুযোগ নেই। তবে সাইডলাইনে আসিয়ানের অন্য সদস্যদের সাথে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলাপ করব। বিমসটেকের একটি সদস্যদেশ থাইল্যান্ড, তারাও ভুক্তভোগী, এ সমস্যার সমাধান চাইছে।’

তিনি জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। এই বৈঠকের আলোচ্যসূচিতে রোহিঙ্গা প্রসঙ্গটি থাকবে বলে তিনি জানান।