নিরপরাধ আলেম মুফতি আইনুল হক কাসেমীর দীর্ঘদিন কারাবন্দী থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জুলাই জোট।
সংগঠনটি মনে করে, একজন আলেমকে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী।
বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই জোটের পক্ষ থেকে বলা হয়, দৈনিক প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনায় মুফতি আইনুল হক কাসেমীর কোনো সম্পৃক্ততা নেই। তাকে এ মামলায় জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি সম্মানিত আলেমকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে আরো বলা হয়, দীর্ঘদিন বিনা বিচারে কারাবন্দী রাখা একটি স্বাধীন দেশের ন্যায়বিচার ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
জুলাই জোট দেশের সচেতন নাগরিক, আলেম সমাজ, ছাত্রসমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।