বিপন্ন বাংলার বাঘ রক্ষায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে আগামী শনিবার ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ মিনি ম্যারাথন প্রতিযোগিতা ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে এই ব্যতিক্রমী ম্যারাথনে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেবেন, যাদের মূল উদ্দেশ্য থাকবে বিলুপ্তির পথে থাকা আমাদের জাতীয় পশু বাঘ এবং এর একমাত্র আবাসস্থল সুন্দরবন রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা।
বিশ্বজুড়ে বাঘের অস্তিত্ব যখন চরম হুমকির মুখে, তখন প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এই দিবস পালনের ঘোষণা দেয়া হয়, যেখানে বিশ্বনেতারা বাঘের বিলুপ্তি রোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাঘ আমাদের জাতীয় পশু এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অপরিসীম। তবে অবৈধ শিকার, বনভূমি উজাড় ও মানুষ-বাঘের সংঘর্ষের কারণে সুন্দরবনের বেঙ্গল টাইগারের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে এবং বর্তমানে এরা মহাবিপন্ন অবস্থায় টিকে আছে।
এই গুরুতর সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেটের টাইটেল স্পন্সরশিপে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’ শীর্ষক এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। আয়োজনে সহযোগিতা করছে সেফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।
ইভেন্টের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইমপ্রেস ওয়্যার লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ অ্যাথলেটিক ফাউন্ডেশন, পোলার, আকিজ মোটরস, লিমিটলেস সল্যুশন, আড়াল সি ক্রুজ, সুন্দরী ইকো রিসোর্ট এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই ও রেডিও ভূমি।
অনুষ্ঠানসূচি- ভোর ৫টা: টাইগার রান প্রাক-প্রস্তুতি, ভোর সাড়ে ৫টা: টাইগার রান প্রতিযোগিতা শুরু (হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণ), সকাল ৮টা: হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সম্মানিত অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য ও পুরস্কার প্রদান, সকাল ৯টা: র্যাফেল ড্র ও সমাপনী।
ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী পাবেন আন্তর্জাতিক মানের মেডেল, টি-শার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক ও সার্টিফিকেট। পুরুষ ও নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি রাখা হয়েছে।
এছাড়াও শিশুদের দু’টি ক্যাটাগরিতে (৬-১০ ও ১১-১৪ বছর) চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকার প্রাইজমানি জেতার সুযোগ থাকছে।
আকর্ষণীয় র্যাফেল ড্র-এর মাধ্যমে দৌড় শেষে প্রতিযোগীদের বিব নম্বর থেকে বিজয়ী নির্বাচন করে একাধিক পুরস্কার প্রদান করা হবে। র্যাফেল ড্র-তে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-গুয়াংজু-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের একটি করে রিটার্ন ইকোনমি টিকিট। আড়াল সি ক্রুজের সৌজন্যে সুন্দরবন ভ্রমণের দু’টি কাপল প্যাকেজ এবং সুন্দরী ইকো রিসোর্টের সৌজন্যে সুন্দরবনে রাত্রিযাপনসহ দু’টি কাপল প্যাকেজ। তবে র্যাফেল ড্র-তে বিজয়ী হতে হলে ড্র-এর সময় ভেন্যুতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি