একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগে তিনটি অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলামকে জড়িয়ে ‘অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে মাসিক চাঁদা নেয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশ করায় এনপিবি নিউজ, খোলা নিউজ এবং নিউজ জি ২৪-এর বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, যাচাই ছাড়া ‘ধারণা’ ও ‘গুঞ্জন’কে তথ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সম্মান, পেশাগত মর্যাদা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে।
নোটিশ অনুযায়ী, প্রতিবেদনে ‘নিয়মিত মাসিক চাঁদা আদায়’ বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তা নিশ্চিত ও প্রমাণিত ঘটনা। অথচ সেখানে কোনো ভুক্তভোগীর নাম-পরিচয়, লিখিত অভিযোগ, জিডি বা অফিসিয়াল রেকর্ড, অডিও-ভিডিও প্রমাণ কিংবা আর্থিক লেনদেনের কোনো তথ্য সংযুক্ত করা হয়নি।
নোটিশে আরো বলা হয়, ‘নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য’ সূত্র হিসেবে ব্যবহার করে এমন অভিযোগ প্রকাশ করা হয়েছে, যার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই এবং এতে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘিত হয়েছে।
উকিল নোটিশে অভিযোগ করা হয়, ‘পর্যাপ্ত ডকুমেন্ট আছে’ দাবি করলেও সেগুলো প্রকাশ না করে সংবাদটি পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
নোটিশে সংশ্লিষ্ট তিনটি গণমাধ্যমকে ২৪ ঘণ্টার মধ্যে ওই সংবাদ সকল প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার, একই গুরুত্বে সংশোধনীসহ প্রকাশ্যে দুঃখপ্রকাশ, রিপোর্টারের পরিচয় ও তথ্যসূত্র লিখিতভাবে উপস্থাপন এবং ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।
অন্যথায় সংশ্লিষ্ট রিপোর্টার, সম্পাদক, প্রকাশক ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মানহানি ও সাইবার অপরাধ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।