দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে সক্রিয় ও আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (১৫ জুন) রাত ৮টায় রাজধানীর মিরপুর-১৩ এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ওয়ার্ড ও থানা দায়িত্বশীল সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই আন্দোলনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আমলে জামায়াতসহ দেশের ইসলামী শক্তিই সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে জামায়াতের ওপর জনপ্রত্যাশা বহুগুণে বেড়েছে। জনগণ দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছে। জনগণ দেশে গণতন্ত্র, আইন ও সাংবিধানিক শাসন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতকে বিকল্প শক্তি মনে করছে। তাই জনপ্রত্যাশা পূরণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, দাওয়াত ও তাবলীগ দ্বীন বিজয়ের পূর্বশর্ত। ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতাকর্মীকে দাঈ ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। দাওয়াত সম্প্রসারণ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে।
মহানগর আমির অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আবশ্যকতা তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকার জরুরি সংস্কার কাজ শুরু করেছে। রাষ্ট্রীয় কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের পর পুরোজাতি নির্বাচনী উৎসবে মেতে উঠবে এবং জনগণ পছন্দমতো তাদের নেতা নির্বাচনের সুযোগ পাবে। তিনি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি