কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কিছু সরকারি কর্মকর্তা। অন্যদিকে আন্দোলনকারী কর্মকর্তাদের সাথে সংহতি জানিয়ে ফেস্টুন হাতে কিছু মানুষকে খামারবাড়ির গেটের বাইরে রাস্তা বন্ধ করে অবস্থান নিতে দেখা গেছে।

তাদের ফেস্টুনে লেখা ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ। এ সময় অবস্থান কর্মসূচির আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। টহল দিতে দেখা গেছে একদল সেনা সদস্যকেও।

রোববার বেলা ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো: রেজাউল ইসলাম (মুকুল) নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছিল। সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভণ্ডুল করে দেয়। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়।

তবে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।

জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছিলেন গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মীকেও দেখা যায় সেখানে।

জানা গেছে, মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো: মুরাদুল হাসানকে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতর মহাপরিচালক ছাইফুল আলম বলেন, সরকারের নির্দেশনায় আমরা চলি। খামারবাড়িতে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ছাড় দেয়া হবে না।