কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া ছুটির মধ্যে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আজ রোববার আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বছর থেকে হাসিল পাঁচ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হবে।
তিনি বলেন, কোরবানির পশুর যেন ন্যায্য দাম দেয়া হয়। রাস্তায় কোরবানির পশু ওঠানো বা নামানো যাবে না। হাটের ভেতরে গিয়ে পশু নামাতে হবে। পর্যাপ্ত আনসার সদস্য রাখতে হবে হাটের নিরাপত্তায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২০টি গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। হাটগুলো নির্ধারিত স্থানেই বসবে। কোনোভাবেই সড়কের ওপর হাট বসানো যাবে না।