পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটির পর আজ রোববার থেকে সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত খুলছে। গত ৫ জুন শুরু হয়েছিল টানা এ ছুটি।
ছুটির শেষ দিন গেল শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপ টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে এদিন বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।
যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ রোববার গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।
গেল শনিবার সারাদিন যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সাথে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। ১৫ জুন থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে।