সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকী সম্প্রতি ইন্তেকাল করায় সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্য নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। পরে নির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ইকবাল। এছাড়া দু’টি কার্যনির্বাহী সদস্যপদ শূন্য হওয়ায় সদস্যদের ভোটে আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রউফ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর মারুফ ফাউন্ডেশন মিলনায়তনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

শিক্ষাবিদ ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: দেলাওয়ার হোসেন।

নির্বাচিত সভাপতি মাহবুব মুকুল আগে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক, নাট্য জোনের সভাপতি, সমন্বয় সাংস্কৃতিক সংসদের পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, শিশু কিশোর ফাউন্ডেশন, দিগন্ত টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্যানভিশন টেলিভিশনের সিইও হিসেবে কর্মরত রয়েছেন।

সেক্রেটারি আল্লামা ইকবাল কাজী নজরুল ইসলাম সংসদের সভাপতি, সংস্কৃতি বিভাগের পরিচালক, এসএসকের সহকারী সেক্রেটারি এবং প্রবাহ শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সত্য সুন্দর সুস্থ শুদ্ধ সাংস্কৃতিক বিপ্লবের জন্য যাকিউল হক জাকী যেভাবে আত্মনিয়োগ করেছিলেন, সেভাবে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে হবে।’ বাসস