মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সংবাদটি সঠিক নয় বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট।

বাংলা ফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, গতকাল ৩ জুন মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একটি অধ্যাদেশ জারি করেছে, যাতে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এই অধ্যাদেশকে কেন্দ্র করে মূলধারার বিভিন্ন পত্রিকা, নিউজ পোর্টাল ও টেলিভিশন অনেকগুলো অসত্য সংবাদ পরিবেশন করেছে। ‘শেখ মুজিবসহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল’ কিংবা ‘মুজিবনগর সরকারের সব নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল’ ইত্যাদি শিরোনামে ৫০টি অধিক সংবাদ প্রকাশিত হয়েছে।’

বাংলা ফ্যাক্ট জানায়, ‘বাস্তবতা হলো- অধ্যাদেশে স্পষ্ট লেখা রয়েছে যে ‘প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য ও বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হইবেন।’

তারা আরো জানায়, অর্থাৎ শেখ মুজিবুর রহমান ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সংবাদটি সঠিক নয়।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট।

সূত্র : বাসস