ঈদের ছুটি শেষে অফিস শুরু হবে আগামী রোববার। সেই লক্ষ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
আজ শুক্রবার সকাল থেকেই ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছেন যাত্রীরা। সবচেয়ে বেশী আসছেন মোটরসাইকেলের যাত্রী। লঞ্চঘাটও যাত্রীতে উপচে পড়ছে।
তবে সড়কে কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে পারাপার হচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যাত্রী পারাপারে বর্তমানে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করছে। এছাড়া, আরিচা-কাজিরহাট নৌ-রুটেও যাত্রীর চাপ বেড়েছে।
সূত্র জানিয়েছে, পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছেন যাত্রীরা। সূত্র : ইউএনবি