রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান বলেন, সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ১০ জন হলেন- জিহাদ (২০), সাব্বির (১৮), দুলাল (২০), মো: বাবু (১৯), মো: চান (২২), রাহাত (২০), মো: মুন্না (২২), মোছা: পারভীন (৩০),মুক্তা বেগম (২৫) ও সুমন হাওলাদার (বয়স উল্লেখ নেই)।

তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় দু’জন, দস্যুতা মামলায় দু’জন, চুরির মামলায় তিনজন, মাদকদ্রব্য মামলায় দু’জন, পরোয়ানাভুক্ত একজন গ্রেফতার। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।