রাজধানীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা

জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
Fruits-Fair

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। এ ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন। সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করেছে। রাজধানীসহ সারাদেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাহিদা ২০০ গ্রামের বিপরীতে মাত্র ৫৫-৬০ গ্রাম খেতে পারছে। এটিকে ২০০ গ্রামে উন্নীত করতে কাজ করছে সরকার।

আয়োজক সূত্রে জানা যায়, ফলমেলা চলা অবস্থায় কেআইবি (কৃষিবিদি ইনস্টিটিউট অব বাংলাদেশ) মিলনায়তনে স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান পরিপ্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার আয়োজন করা হবে। সেমিনারে যোগ দিবেন কৃষি উপদেষ্টা। সভাপতিত্ব করবেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।