রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে শুরু করেছে সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্যানের প্রধান ফটক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেকু মেশিন দিয়ে দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেছেন, এই দোকানপাটগুলো কোনো ধরনের নিয়মনীতি না মেনে ব্যবসা করে আসছিল। গত রাতে তাদের সরে যেতে বলা হলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য গুরুতর নিহত হন।

রাতেই হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা।