ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ -এর যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) ভোররাত আনুমানিক ৩টা ৫ মিনিটে রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা মোহাম্মদ ইউসুফ গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করে।