পদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি জানান, ‘সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সাথে নিয়ে পদ্মা সেতু এলাকায় ভাঙ্গন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আজ বুধবার শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে তিন কিলোমিটারের মধ্যে পদ্মাসেতু রক্ষা বাঁধের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে উপদেষ্টা একথা বলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
সেতু উপদেষ্টা বলেন, নদী ভাঙ্গনের কারণ হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশপাশের এলাকায় ভাঙ্গন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ভাঙ্গন কবলিত জায়গায় জিওব্যাগ ডাম্পিং করে প্রাথমিকভাবে ভাঙ্গন ঠেকানোর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগের সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো: শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস